আষাঢ়
বিপুল শ্যামল
বক্ষ
স্নেহভার নত
হয়ে আসে,
নিষেক-উত্তর
ছায়া।
ব্যথায় অধীর
বৃন্ত
গর্ভে নবীন ওষ্ঠ
খুব ধীরে বিকশিত
হয়।
পৃথিবী প্রমাণ
ভাণ্ড,
চরাচর মুছে দিয়ে
স্বচ্ছ অমৃত
ঝরে পড়ে।
শিশুর অমূল্য
পুষ্টি,
ঈষৎ ঘর্ষণে বজ্র
রমণের তন্দ্রা
ছিঁড়ে যায়।
মা-মুদ্রা
বসে আছ,
অগ্নিময় বক্ষ পার হয়ে
অলীক শীতল ছায়া—
এত স্নেহ ঊরুতে উদরে
দুচোখ আচ্ছন্ন হল
রচিত হয়েছে স্নিগ্ধ কোল।
অভ্যস্ত প্লাবন মুছে, আজ দেখি
শান্ত পলি-চর,
ওই তৃণে একদিন আমার সন্তান
নতুন আকাশ পাবে
হাওয়া জল মাটি,
স্বপ্নে ভাবি।(মাটির থিওরি, ২০০৯)


No comments:
Post a Comment