![]() |
| Painting by Harpreet Singh |
যশস্বিনী শুভ্রবাস গম্ভীর বড়োদিদিমণি
নিবেদিতা গার্লস
বকুল-ছাতিমে ঢাকা নিবিড় ছায়ার তপোবন
শ্যাওলা-শীতল
সারাদিন পাঠদান, অনুশীলনের শৃঙ্খলা
সকালে রেওয়াজ
নিয়মের তীক্ষ্ণধার, মা-বাবার সুখতন্দ্রাবেশ
পাষাণী আগল
চারপাশে সুনামের সুউচ্চ প্রাকার, উড়ে আসে
সাইকেলের বেল
কখনো উচ্ছল হাসি, এ ওর শরীরে ভেঙ্গে
পড়ে
ভীরু রোদ্দুর
অনাহত বক্ষগুলি প্রথম পাতার মতো উদ্ভিদের
অধীর সবুজ
সমস্ত বাগান জুড়ে বর্ণময় লতা-ঝোপঝাড়
পোকা প্রজাপতি
কেবল মালীটি অন্ধ, চোখে কালো চশমা
তার
নিঃসাড় দেহ।
প্রতিটি যত্নের ফাঁকে, প্রতিটি বইয়ের ভাঁজে ভাঁজে
হিম অভিমান
গরবিনি বিদ্যালয়, দিনে দিনে পূর্ণ হয়ে ওঠে
ক্ষোভের বাগান।

No comments:
Post a Comment